Top News

শ্বশুর-শাশুড়ির সেবা করে সম্মাননা পেলেন ১২ পুত্রবধূ

 শ্বশুর-শাশুড়ির সেবা করে সম্মাননা পেলেন ১২ পুত্রবধূ



একই বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থেকে সেবা-যত্ন করায় সম্মাননা পেয়েছেন ১২ পুত্রবধূ। ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে ‘পাশে আছি মাদারীপুর’ নামের একটি সামাজিক সংগঠন।


শনিবার (৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুর শহরের লেকেরপাড়ের সমন্বিত সরকারি অফিস ভবনের জেলা শিশু একাডেমি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা পেয়ে আনন্দিত পুত্রবধূরা।vএদিকে পুত্রবধূরা এমন সম্মাননায় ভূষিত হওয়ায় খুশি শ্বশুর-শাশুড়িরাও। তাদের এই পুরস্কারপ্রাপ্তি দেখে সমাজের অন্য গৃহবধূরাও অনুপ্রাণিত হবেন বলে জানান তারা। মা-বাবা ও শ্বশুর-শাশুড়ি একই বন্ধনে বাঁধা। এই আয়োজনের মাধ্যমে সারাদেশে বন্ধনের আলো ছড়িয়ে পড়বে বলে আশা অনুষ্ঠানে আগত অতিথিদের।


সম্মাননা স্মারক পাওয়া সেরা পুত্রবধূ আয়শা সিদ্দিকা আকাশী বলেন, ‘শ্বশুর-শাশুড়ি আর মা-বাবা তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সবাই একসঙ্গে একই ছাদের নিচে সারাজীবন থাকতে চাই। শ্বশুর-শাশুড়ির সেবা মানেই মা-বাবার সেবা। শ্বশুর-শাশুড়িকে আলাদা করে দেখার কিছুই নেই।’


সম্মাননা স্মারক পাওয়া আরেক সেরা পুত্রবধূ রাবেয়া রহমান মুক্তা বলেন, ‘শ্বশুর-শাশুড়িকে ভালোবাসার মাধ্যমে আমার মা-বাবাকে খুঁজে পাই। শ্বশুর-শাশুড়ির সেবা যত্ন করে যেতে চাই সারাজীবন। তাদের মনে কখনই কষ্ট দিতে চাই না। এটা সব পুত্রবধূদের করা উচিৎ।’


সদর উপজেলার পাঁচখোলা এলাকার বাসিন্দা হায়দার আলী খান বলেন, ‘আমার পুত্রবধূ সুলতানা রাজিয়া আমাদের সবার খুব ভালো সেবা-যত্ন করে। তার এই যত্নে আমি, আমার স্ত্রী ও পরিবারের সবাই খুশি। এমন পুত্রবধূ পাওয়া ভাগ্যের ব্যাপার।’


অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান খান বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে অন্য পুত্রবধূরা তাদের শ্বশুর-শাশুড়ির প্রতি আরও বেশি যত্নবান হবেন। এতে সমাজের সব মা-বাবা ভালো থাকবে। সবার মাঝে থাকবে না কোনো দূরত্ব, এমন আয়োজন সবাইকেই অনুপ্রেরণা জোগাবে।’


সেরা পুত্রবধূ সম্মাননা অনুষ্ঠানের আয়োজক বায়েজিত মিয়া বলেন, বর্তমান যুগে অনেক শ্বশুর-শাশুড়ি কষ্টে থাকে। তাদের পুত্রবধূদের হাতে নির্যাতিত হয়। সমাজে এমন কর্মকাণ্ড থেকে সবাই বিরত থাকবে এমনটাই প্রত্যাশা করি। আজকে ১২ জনকে সেরা পুত্রবধূর পুরস্কার দেওয়া হলেও আগামীতে আরও বৃহৎ আকারে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post